মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): নলডাঙ্গা উপজেলা-এ এক রাতেই ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। কারণ, এসব ট্রান্সফরমার কৃষকদের নিজস্ব অর্থে কিনে ব্যবহার করতে হয়। শনিবার (২ মে) রাতে উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠ থেকে এসব ট্রান্সফরমার চুরি করা হয়।
জানা যায়, দুর্লভপুর গ্রামের মাঠে স্থাপিত গভীর ও অগভীর নলকূপের সংযোগ থেকে রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরচক্র একে একে ৬টি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। ভুক্তভোগীরা হলেন মো. ইয়াদ আলী মণ্ডল, মো. সুলতান আলী সরদার, মো. জহুরুল ইসলাম সুরুজ ও মো. মিলন প্রামাণিক। এছাড়া একই গ্রামের মো. আফসার আলী খানের দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ভুক্তভোগী কৃষক মো. মিলন প্রামাণিক ও মো. জহুরুল ইসলাম বলেন, সকালে মাঠে গিয়ে তারা দেখেন খুঁটিতে ট্রান্সফরমার নেই, শুধু খোলস পড়ে আছে। তারা জানান, ধানের দাম কম হওয়ায় খরচের টাকা উঠবে কি না তা নিয়েই দুশ্চিন্তায় ছিলেন। এর মধ্যে ট্রান্সফরমার চুরি হওয়ায় তারা আরও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগামী মৌসুমের শুরুতে আবার নতুন করে টাকা দিয়ে ট্রান্সফরমার কিনতে হবে বলেও জানান তারা। এ ঘটনায় দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নলডাঙ্গা জোনাল অফিসের এজিএম মো. আবু তাহের জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি তারা জেনেছেন এবং এলাকায় বিদ্যুৎকর্মী পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে ধরতে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

