সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কুলিয়ারচর-এ আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী পৌর কর মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর বাজারস্থ বীরপ্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।

এ সময় পৌর কর মেলার আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ আলম, পৌর বিএনপির ১নং সদস্য মো. সাইয়ুম সিদ্দিকী, দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, দায়িত্বপ্রাপ্ত পৌর কাউন্সিলর ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌরসভার কর নির্ধারক নারায়ণ চন্দ্র ঘোষ, কর আদায়কারী শাহজাহান মিয়া, সহকারী কর আদায়কারী নয়ন চন্দ্র বর্মণ, সহকারী লাইসেন্স পরিদর্শক সানজিদা আক্তার সিফা, উচ্চমান সহকারী মো. মিনহাজুল ইসলাম ও অ্যাকাউন্টস অফিসার বিধান চন্দ্র দাসসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, পৌরসভার আয়ের একটি বড় অংশ আসে করদাতাদের কাছ থেকে। পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবা আরও বেগবান করতে বকেয়া কর আদায় অত্যন্ত জরুরি। নাগরিকদের ওপর বাড়তি চাপ না দিয়ে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধের সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ৩ মে থেকে ৯ মে পর্যন্ত সপ্তাহব্যাপী এ মেলা চলবে এবং সরকারি অফিস সময় অনুযায়ী আকর্ষণীয় ১৫% ছাড়ে বকেয়া পৌর কর আদায় করা হবে। তিনি আরও বলেন, পৌরসভা আপনার, আমার, সবার। নির্ধারিত সময়ে পৌর কর পরিশোধ করা নাগরিক দায়িত্ব। আমরা চাই নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় এসে তাদের বকেয়া কর পরিশোধ করবেন। এ সময় তিনি সবাইকে মেলায় উপস্থিত হয়ে কর পরিশোধের আহ্বান জানান।

পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে কুলিয়ারচর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত ৮ হাজার ১৪২টি হোল্ডিংয়ের বিপরীতে মোট ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৩৬২ টাকা বকেয়া রয়েছে। অন্যদিকে, চলতি ২০২৫–২০২৬ অর্থবছরে ৬৭ লাখ ৯৯ হাজার ৯৯৫ টাকা কর ধার্য করা হয়েছে। সব মিলিয়ে অনাদায়ী মোট করের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩১৭ টাকা।

মেলায় ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত বকেয়া কর পরিশোধকারীদের জন্য ১৫% ছাড়ের সুবিধা রাখা হয়েছে। তবে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের কর নিয়ম অনুযায়ী আদায় করা হবে। সর্বোচ্চ কর পরিশোধকারীকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়া মেলায় কর পরিশোধকারীদের জন্য আপ্যায়ন ও বিভিন্ন সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

পৌরসভার পক্ষ থেকে আরও জানানো হয়, একটি অর্থবছরকে চার ভাগে ভাগ করে কর আদায় করা হয়। অর্থবছরের প্রথম তিন মাসের মধ্যে কর পরিশোধ করলে ১০% ছাড়, পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করলে ৭.৫০% ছাড় এবং তৃতীয় ধাপে (নয় মাসের মধ্যে) পরিশোধ করলে ৫% ছাড় পাওয়া যায়। তবে অর্থবছরের শেষ তিন মাসে কোনো ছাড় দেওয়া হয় না। অর্থবছর শেষ হওয়ার পর কর পরিশোধ করলে বিধি অনুযায়ী জরিমানাসহ পরিশোধ করতে হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *