সর্বশেষ :
19 Oct 2026, Mon

লালপুর-বাগাতিপাড়া বিলমাড়িয়া-দুরদুরিয়া ইউনিয়নকে ইমো হ্যাকিং ও মাদকের জন্য চেনে দেশ -প্রতিমন্ত্রী পুতুল

লালপুর-বাগাতিপাড়া বিলমাড়িয়া-দুরদুরিয়া ইউনিয়নকে ইমো হ্যাকিং ও মাদকের জন্য চেনে দেশ -প্রতিমন্ত্রী পুতুল

মো. রাশেদুল ইসলাম (নাটোর): সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, সন্তানদের দিকে অভিভাবকদের আরও বেশি নজর দিতে হবে। অনেক মা-বাবা খুশি হন যে তাঁদের ২৫ বছরের ছেলে অনেক টাকা আয় করছে এবং পাকা (ছাদওয়ালা) বাড়ি করে ফেলছে। কিন্তু প্রশ্ন হলো- এই টাকা কোথা থেকে আসছে? বৈধ পথে এ ধরনের আয় সম্ভব নয়। এতে সন্তানের বর্তমান ও ভবিষ্যৎ- দুটিই নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে, হ্যাকিং করছে, প্রতারণা করছে এবং অনলাইন জুয়ায় জড়িয়ে যাচ্ছে। তাই সন্তানের প্রতি নজর দিন। সন্তান বিপথগামী হলে সরকার মামলা করবে, গ্রেপ্তার করবে এবং জেলে পাঠাবে। এতে সরকারের তেমন ক্ষতি না হলেও সবচেয়ে বেশি কষ্ট পাবে পরিবার। আপনার সংসার ক্ষতিগ্রস্ত হবে। তাই সন্তান যেন দেশের জন্য বোঝা না হয়, সে দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, লালপুর-বাগাতিপাড়া এলাকার বিলমাড়িয়া ও দুরদুরিয়া ইউনিয়নকে বাংলাদেশের মানুষ ভালো কাজের জন্য নয়, বরং ইমো হ্যাকিং ও মাদকের জন্য চেনে। এসব অপরাধ বন্ধ করতে প্রশাসন একা পারবে না, জনগণের সহযোগিতা প্রয়োজন। সন্তানদের ওপর নজরদারি বাড়ান। যখনই দেখবেন কোনো সন্তান হঠাৎ অনেক টাকা নিয়ে ঘুরছে, তাকে জিজ্ঞাসা করুন ও সতর্ক করুন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্তানকে সঠিক পথে আনতে ব্যর্থ হলে অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ শুধু লালপুর-বাগাতিপাড়া নয়, সারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান প্রজন্মের ওপর। সন্তানদের সম্পদে পরিণত করতে হলে পরিবার থেকেই সচেতন হতে হবে। তাহলেই তারা অন্যায় পথে যাবে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসন সর্বক্ষণ জনগণের পাশে থাকবে। লালপুর-বাগাতিপাড়ার মাটিতে কোনো অন্যায় সহ্য করা হবে না। চাঁদাবাজ, দখলদার, ইমো হ্যাকিং ও মাদক ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে তিনি জানান, ১ তারিখ থেকে এসব অপরাধের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ব্রিজ এলাকা থেকে খলিসাডাঙ্গা নদীর দিকে চন্দনা ও খলিসাডাঙ্গা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *