সর্বশেষ :
19 Oct 2026, Mon

বেলাবোতে প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল; ধরাছোঁয়ার বাইরে কুখ্যাত মাদক কারবারি আবুল কাশেম

বেলাবোতে প্রকাশ্যে মাদক সেবনের ভিডিও ভাইরাল; ধরাছোঁয়ার বাইরে কুখ্যাত মাদক কারবারি আবুল কাশেম

কুলিয়ারচর (কিশোরগঞ্জ): সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে বেলাবো উপজেলার কুখ্যাত মাদক কারবারি আবুল কাশেম (৪৫) এমন অভিযোগ এলাকাবাসীর।

সে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের মৃত তোঁতা মিয়ার ছেলে।

বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াহিয়া ওরফে নিবর্ষার পুত্র মো. মুক্তার মিয়া (৫০)সহ এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আবুল কাশেম এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও ব্যবসা করে আসছে। কয়েক দিন আগে প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও রহস্যজনক কারণে সে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

তাদের অভিযোগ, আবুল কাশেম এলাকার যুবসমাজকে দিন দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাকে অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানান তারা।

এ বিষয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আমান উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই। তবে দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, ১ মে থেকে সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত ও কঠোর সাঁড়াশি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। এ অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

গত সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘জাতির কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সারাদেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। যুবসমাজকে বাঁচাতে এর কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাতে কেউ অবৈধ ব্যবসা করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের এমন ঘোষণার পরও চিহ্নিত মাদক কারবারি আবুল কাশেমের প্রকাশ্যে চলাফেরা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *