দোহার (ঢাকা): ঢাকার দোহারে মাছ চুরিতে বাধা দেওয়ায় রাশেদ (২৫) নামে এক জেলের দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার ( বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর পুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত রাশেদের পরিবারের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে পদ্মা নদীতে মাছ শিকারের জন্য জাল ফেলেন রাশেদ। বিকেলে নদীর পাড়ে গিয়ে তিনি দেখতে পান, একই এলাকার আনোয়ার খান ওরফে ভুট্টো তার জাল থেকে মাছ চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় রাশেদ বাধা দিলে অভিযুক্ত ভুট্টো বৈঠা দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে এবং তার দুই হাত ভেঙে দেয়।
এ সময় রাশেদের মাথায় আঘাত করা হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ভুট্টো পলাতক রয়েছে।
এ বিষয়ে মাহমুদপুর ফাঁড়ির ইনচার্জ এসআই জুবাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

