সর্বশেষ :
19 Oct 2026, Mon

গোবিন্দগঞ্জে ভুয়া ফেসবুক আইডিতে এসআইকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি

গোবিন্দগঞ্জে ভুয়া ফেসবুক আইডিতে এসআইকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) মো. শিবলী কায়েস মীরের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। ‘বিটিসি নিউজ’ নামক একটি ভুয়া ফেসবুক আইডি থেকে এমন অপপ্রচারের প্রতিবাদে এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে আয়োজিত বৈশাখী মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ ওঠে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই শিবলী কায়েসসহ ৩৫ সদস্যের পুলিশের একটি দল মেলায় অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেয়। অভিযান চলাকালীন অনেক সংবাদকর্মী সেখানে উপস্থিত থেকে ছবি সংগ্রহ করেন।

পরদিন ২৪ এপ্রিল দুপুর ১২টার দিকে শিবলী কায়েস লক্ষ্য করেন যে, ‘বিটিসি নিউজ’ নামক একটি ফেসবুক পেজ (লিংক: https://www.facebook.com/share/1b2FwgD7mj/) থেকে মেলা চলাকালীন সংগৃহীত তাঁর ছবি পোস্ট করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে।

ভুক্তভোগী কর্মকর্তা শিবলী কায়েস মীর জানান, ওই মিথ্যা পোস্টের ফলে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তিনি ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ ও গাইবান্ধার পুলিশ সুপারকে অবহিত করেন এবং তাঁদের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি দাখিল করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জাহিদ হাসান জানান, ভুক্তভোগী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে থানায় জিডি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ফেসবুক পেজটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই প্রদীপ কুমার বর্মনকে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার অপরাধের মাধ্যমে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা হলে বা মিথ্যা অপপ্রচার চালানো হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *