সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ

লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এবং দেশের সমবায় সেক্টরে একমাত্র “ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত” সমবায় সমিতি বান্দরবানের লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ‘ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টরস কম্পিটেন্সি কোর্স (সিইউডিসিসি)’ সম্পন্ন হয়েছে।

পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র এবং নারী সেলাই প্রশিক্ষণে উত্তীর্ণদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সোমবার (২৭ এপ্রিল) লামা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নেতৃত্বের দক্ষতায় সমবায়ের সাফল্য:

অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব হুমায়ুন খালিদ। তিনি তাঁর বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “দক্ষ নেতৃত্বই একটি ক্রেডিট ইউনিয়নকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। সিইউডিসিসি কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান সমবায়ীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. মঈন উদ্দিন। তিনি স্থানীয় পর্যায়ে মৌচাক ক্রেডিট ইউনিয়নের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

পাঁচ দিনব্যাপী নিবিড় এই প্রশিক্ষণে সমবায় সমিতির পরিচালনা পর্ষদের সদস্যদের সুশাসন, হিসাব ব্যবস্থাপনা, অডিট এবং কৌশলগত পরিকল্পনা বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে বিভিন্ন সেশন পরিচালিত হয়।

এবারের কোর্সে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন- হুমায়ুন খালিদ, এমদাদ হোসেন মালেক, মো. ছাদিকুর রহমান এবং এম. জয়নাল আবেদীন।

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সিইও এম. জয়নাল আবেদীন জানান, এ প্রশিক্ষণে ৩১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের প্রশিক্ষণের ফলে সদস্যদের আমানতের নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের মাধ্যমে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর সেক্রেটারি হাবিবুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *