মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের দত্তপাড়া পান মোকামের পাশে হিন্দু পাড়ায় অবৈধভাবে পুকুর খননের দায়ে আবু তাহেরের ছেলে মো. বাবুকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ব্যাটারি, ১টি শ্যালো মেশিন এবং একটি ভেকুর যন্ত্রাংশ জব্দ করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে হালসা ইউনিয়নের দত্তপাড়া পান মোকামের পাশে হিন্দু পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
জানা গেছে, করিম হাজীর জমিতে অনুমতি ছাড়া পুকুর খননের অভিযোগে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে জরিমানা আদায় করেন এবং অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দের নির্দেশ দেন। এ সময় অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরাও অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি নষ্ট করে এ ধরনের অবৈধ পুকুর খনন পরিবেশ ও কৃষির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ খননের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

