সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীনগরে শ্বশুরবাড়িতে দোহারের তরুণীর রহস্যমৃত্যু, উঠছে হত্যা অভিযোগ

শ্রীনগরে শ্বশুরবাড়িতে দোহারের তরুণীর রহস্যমৃত্যু, উঠছে হত্যা অভিযোগ

শ্রীনগর (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়কীর্তন এলাকায় সমাপ্তি (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত সমাপ্তি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের পুকুরপাড় এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রায় ছয় মাস আগে পরিবারের অমতে শ্রীনগরের কয়কীর্তন এলাকার শাহীন হোসেনের ছেলে সোহানের সঙ্গে সমাপ্তির বিয়ে হয়। বিয়ের পর মেয়ের পরিবার শুরুতে সম্পর্কটি মেনে না নিলেও তাদের মধ্যে ফোনে যোগাযোগ বজায় ছিল।

অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা সমাপ্তির মোবাইল ফোন কেড়ে নেন এবং তার সিম কার্ড ভেঙে ফেলেন। এতে সমাপ্তি দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

নিহতের চাচা হাসেন বেপারী জানান, ঘটনার দিন বিকেল আনুমানিক ৩টার দিকে ঘটনা ঘটলেও সন্ধ্যা ৬টার দিকে সোহান ও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সমাপ্তি স্ট্রোক করে মারা গেছেন।

নিহতের স্বজনদের অভিযোগ, সোহান ও তার পরিবারের সদস্যরা মিলে সমাপ্তিকে হত্যা করেছে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘটনাটিকে আত্মহত্যা বা স্ট্রোক হিসেবে প্রচার করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

এদিকে, শ্রীনগর থানায় অভিযোগ করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথমে অভিযোগ গ্রহণ করেননি বলেও অভিযোগ করেন স্বজনরা।

ঘটনার পর সমাপ্তির শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে নিহতের শ্বশুর শাহীন হোসেন মুঠোফোনে বলেন, “আমার ছেলের সঙ্গে ছয় মাস আগে প্রেম করে তার বিয়ে হয়। কী কারণে পুত্রবধূ আত্মহত্যা করেছে, তা আমরা জানি না।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ দরজা ভেঙে সমাপ্তির মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে যদি হত্যার কোনো আলামত পাওয়া যায়, তবে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নিহতের পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *