মনিরুল ইসলাম, নলডাঙ্গা (নাটোর): নাটোরে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় নাটোর শহরের সাহারা কনভেনশন হলে সোনালী ব্যাংক পিএলসি, নাটোর-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নাটোর জেলার সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট ব্যাংকসমূহের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর পরিচালক (পরিদর্শন) মো. নাজিম উদ্দিন এবং সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী-এর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নাটোর-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আহসান রেজা। এ ছাড়া অতিথিবৃন্দসহ দক্ষ প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হয়। তারা আরও বলেন, নারী উদ্যোক্তারা এখন আর পিছিয়ে নেই; তারা ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা উল্লেখ করেন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নারীদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন করা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
এছাড়া নারী উদ্যোক্তারা সহজ শর্তে ব্যাংকসমূহ থেকে কীভাবে ঋণ পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১০০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

