দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামীকাল সোমবার সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযান দেশের সাধারণ এলাকায় ১২ মে পর্যন্ত এবং সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সকল স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।
এর আগে, গত ৫ এপ্রিল ও ১২ এপ্রিল শুরু হওয়া বিশেষ কার্যক্রমগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী যথাক্রমে ২৫ এপ্রিল ও ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথমে গত ৫ এপ্রিল থেকে উচ্চ-ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় এবং পরে ৪টি সিটি করপোরেশন এলাকায় জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে তা সারাদেশে সম্প্রসারণ করা হচ্ছে।

