আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): আতাফল গ্রীষ্মকালীন একটি ফল। এটি মিষ্টি স্বাদের একটি দেশীয় ফল। আতাফল দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি খেতেও দারুণ সুস্বাদু। শরীরের জন্যও বেশ উপকারী। শ্রীমঙ্গল উপজেলার সমতল ও পাহাড়ি টিলাভূমিতে আতাফল ভালো জন্মে। উপজেলার ডলুছড়া গ্রামের সফল কৃষি উদ্যোক্তা মো. আতর আলী এবার লাখ টাকার আতাফল বিক্রি করেছেন।
আতর আলী জানান, তার নিজস্ব সমতল ও টিলাভূমিতে ১০টি আতাফল গাছ রয়েছে। আজ থেকে ৪-৫ বছর আগে তিনি আতাফলের চারাগুলো রোপণ করেছিলেন। তিন বছর পর থেকে ফলন পাওয়া শুরু করেন। প্রথমবার তিনি মাত্র ১৬ হাজার টাকার আতা বিক্রি করেন। দ্বিতীয়বার তিনি আয় করেন ৫০ হাজার টাকা। এবার তিনি আতাফল বিক্রি করে ১ লাখ টাকা পাবেন বলে জানান। তিনি আতাফল ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে আতাফল বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে।
আতর আলী শুধু আতাফলেই সীমাবদ্ধ নন। তার বাগানে রয়েছে করলা, লটকন, কলা, লেবু, নাগা মরিচ, আনারস, ফিলিপাইনের এমডি-২ জাতের আনারস ছাড়াও দেশি-বিদেশি নানা ফল।
আতাফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ফল। এই ফল আমাদের হজমশক্তি বৃদ্ধি করে এবং বদহজম দূর করে। এতে রয়েছে ফসফরাস ও উচ্চমাত্রার ফাইবার, যা হজমশক্তি বাড়াতে সহায়তা করে। পেটের ভেতরে জমে থাকা টক্সিন বের করে দিতে সাহায্য করে। দাঁত ও মাড়ি মজবুত করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এবং রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। সুপরিচিত ও সুস্বাদু এই ফল ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে।

