দোহার (ঢাকা): ঢাকার দোহারে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক দোকান মালিককে জরিমানা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, দোহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দোহার বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ‘জুলহাস ভ্যারাইটিজ স্টোর’ থেকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মেয়াদোত্তীর্ণ চকলেট, কোমল পানীয়সহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য বিক্রি করা হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালেও দোকান মালিক পুনরায় এসব পণ্য বিক্রি শুরু করেন।
স্থানীয়দের অভিযোগ, ঢাকার চকবাজার থেকে নকল ব্র্যান্ডের শিশু পণ্য এনে দোকানটিতে বিক্রি করা হতো। এসব পণ্যের অধিকাংশের গায়ে উৎপাদন বা মেয়াদের তারিখও উল্লেখ ছিল না। এ ধরনের খাবার খেয়ে কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।
অভিযোগের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। এ সময় ‘জুলহাস ভ্যারাইটিজ স্টোর’-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ সব পণ্য জব্দ করা হয়। পরে দোকান মালিক জুলহাসকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
অভিযানে দোহার থানা পুলিশ সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

