সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে কলেজছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ

পলাশবাড়ীতে কলেজছাত্রকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা; থানায় অভিযোগ

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে এক কলেজছাত্রকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম মো. মিরাজ হোসাইন (২১)। এ ঘটনায় তার মা মোছা. সেলিনা বেগম বাদী হয়ে গত ৭ এপ্রিল পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মিরাজ হোসাইন মোটরসাইকেলে পেট্রোল নিতে পৌর শহরের সরকার ফিলিং স্টেশনে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে নুনিয়াগাড়ী এলাকায় ফিলিং স্টেশনের উত্তর পাশে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত আপন মিয়া (২০), সৌরভ মিয়া (১৯)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে পাশের পানি উন্নয়ন বোর্ডের মাঠে নিয়ে যায়।

সেখানে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে রাখা লাঠি, লোহার রড, পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে আপন মিয়ার নির্দেশে তারা আরও বেপরোয়া হয়ে মিরাজের মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। এমনকি গলা টিপে শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

মিরাজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *