সর্বশেষ :
19 Oct 2026, Mon

গজারিয়ায় পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই, উদ্ধার হলো জীবিত শাবক

গজারিয়ায় পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই, উদ্ধার হলো জীবিত শাবক

গজারিয়া (মুন্সিগঞ্জ): মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে ১৩টি জবাইকৃত ঘোড়া উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি জীবিত ঘোড়াও উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ছয় মাস ধরে ঘরটিতে গভীর রাতে সন্দেহজনক যাতায়াত চলছিল। বুধবার ভোরে এলাকাবাসী সেখানে অভিযান চালালে জড়িতরা পালিয়ে যায়। ঘরের ভেতর ও আশপাশে ছড়িয়ে ছিল ঘোড়ার দেহাবশেষ ও রক্ত। জবাইকৃত প্রাণীগুলোর মধ্যে একটি গর্ভবতী ঘোড়াও ছিল; পাশে তার বাচ্চার মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থলে ইয়াবা সেবনের সরঞ্জাম এবং হাড় পুঁতে রাখার জন্য খোঁড়া গর্ত পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, একটি চক্র নিয়মিত রাতে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে সরবরাহ করত এবং প্রমাণ নষ্ট করতে চামড়া ও হাড় মাটিচাপা দিত।

প্রত্যক্ষদর্শী তোফাজ্জল মিয়াজী জানান, পালানোর সময় তিনি তিতাস ও রাজিব নামে দুই ব্যক্তিকে চিনতে পেরেছেন।

গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ঘোড়া জবাই দণ্ডনীয় অপরাধ; উদ্ধারকৃত দেহাবশেষ প্রাণিসম্পদ অধিদপ্তরের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হবে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *