সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টার দিকে কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ, কলা, পাউরুটি ও ডিম বিতরণের মাধ্যমে এ ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মেফতাহুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে- বাংলাদেশের ১৫০টি উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে, যা বিনামূল্যে সপ্তাহে ৬ দিন দেওয়া হবে। শিক্ষার্থীরা বিভিন্ন মৌসুমি ফল, পাউরুটি, পুষ্টিকর দুধ, ডিম ও বিস্কুট পাবে। এমনকি শুধু বিস্কুটই নয়, প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবারের আইটেমের টিফিনের ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন, যারা এই ফিডিং কর্মসূচির পরিবেশক, তাদের খাবারের মান যেন সঠিক থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে এবং যথাযথ নিয়মে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করতে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. মাহফুজুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির পরিবেশক হাজী মো. দেলোয়ার হোসেন মান্নান ও সাইদুর রহমান।

সাপ্তাহিক স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিদ্যালয়ের কার্যদিবসে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা নিম্নরূপ:
রোববার: বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম)।
সোমবার: বনরুটি (১২০ গ্রাম) ও ইউএইচটি দুধ (২০০ গ্রাম)।
মঙ্গলবার: ফর্টিফায়েড বিস্কুট (৭৫ গ্রাম) ও স্থানীয় মৌসুমি ফল বা কলা (১০০ গ্রাম)।
বুধবার: বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম)।
বৃহস্পতিবার: বনরুটি (১২০ গ্রাম) ও সিদ্ধ ডিম (৬০ গ্রাম)।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *