সর্বশেষ :
20 Oct 2026, Tue

শ্রীমঙ্গলে স্টাফ কোয়ার্টারে ‘কালনাগিনী’ আতঙ্ক: দ্রুত অভিযানে জীবিত উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

শ্রীমঙ্গলে স্টাফ কোয়ার্টারে ‘কালনাগিনী’ আতঙ্ক: দ্রুত অভিযানে জীবিত উদ্ধার, বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে হঠাৎ বিষধর ‘কালনাগিনী’ সাপের উপস্থিতিতে সৃষ্টি হয় চরম আতঙ্ক। সোমবার রাত প্রায় ৮টার দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তেই বাসার স্বাভাবিক পরিবেশ ভেঙে পড়ে। প্রাণভয়ে বাসার সবাই বাইরে বেরিয়ে আসেন।

জানা যায়, হাসপাতাল স্টাফ কোয়ার্টারের বাসিন্দা শ্রাবণ পালের বাসায় প্রথম সাপটি দেখা যায়। হঠাৎ করে ঘরের ভেতরে সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ঘর ছেড়ে বাইরে অবস্থান নেন।

পরিস্থিতি সামাল দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে বিষয়টি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে অবহিত করেন। খবর পাওয়ার পরপরই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে আসেন।

উদ্ধারকারীরা বাসায় প্রবেশ করে খোঁজাখুঁজি করে ঘরের ভেন্টিলেটরের ভেতরে একটি ‘কালনাগিনী’ সাপের অবস্থান শনাক্ত করেন। অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলে অবস্থিত রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী বিভাগ পরবর্তীতে সাপটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করবে। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও দ্রুত ও পেশাদার উদ্ধার অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দারা।

বিশেষজ্ঞরা বলছেন, আবাসিক এলাকায় এ ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি অস্বাভাবিক নয়। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া এবং নিজেরা ঝুঁকি না নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *