আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত ৯টায় শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, ডাকাতি, ইভটিজিং, মাদক ব্যবসা ও সেবন, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং বিদ্যুতের সঠিক ও নিরাপদ ব্যবহার নিয়ে উপস্থিতদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
সভায় বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে, যা একটি নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধুমাত্র পুলিশের একার দায়িত্ব নয়; সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি অপরাধমুক্ত এলাকা গড়ে তোলা সম্ভব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিট অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বাবলু পালসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় সভাপতিত্ব করেন মো. আ. করিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরকান উদ্দিন বীর প্রতীক, মো. মহিউদ্দিন ঝাড়ু, জাহাঙ্গীর হোসেন হিমু, নাজিম খান, কবির হোসেন সরকার, ইয়াকুব চৌধুরী, আলাউদ্দিন আলা, শেখ শাহিন আলম। সভাটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রাজা মিয়া।
সভা শেষে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

