আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ ও ভোক্তাদের নিকট থেকে অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় এসব অনিয়ম রোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ দাপ্তরিক কাজের পাশাপাশি নিয়মিত তদারকি করছেন।
একই সঙ্গে পাঁচবিবির জন্য বরাদ্দকৃত জ্বালানি তেল সবার মাঝে সমবণ্টন নিশ্চিত করতেও তিনি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ লক্ষ্যে লাইসেন্সবিহীন যানবাহন ও হেলমেটবিহীন চালকদের কাছে তেল বিক্রি না করার জন্য ফিলিং স্টেশন মালিকদের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সোমবার সকালে তিনি উপজেলার চানপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সাদ্দাম ফিলিং স্টেশন পরিদর্শন করেন।
যানবাহনে জ্বালানি তেল বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধে পেট্রোল পাম্পের কার্যক্রম নজরদারিতে সার্বক্ষণিক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এ দায়িত্বে জনাব মো. আব্দুল মমিন মণ্ডলকে নিয়োগ প্রদান করা হয়েছে।
ফিলিং স্টেশনের হাউজে তেল মজুদ রয়েছে কি না, সেটিও সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

