পাঁচবিবি (জয়পুরহাট): দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষীদের উৎসাহ যোগাতে এবং এ পেশায় এগিয়ে আসতে জয়পুরহাটের পাঁচবিবির মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে প্রণোদনা প্রদান করা হয়। পাঁচবিবি উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার মৎস্য চাষের প্রসার বৃদ্ধির লক্ষ্যে চাষীদের মাঝে বিভিন্ন প্রণোদনা বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন অফিস চত্বরে উপকরণগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা প্রণোদনাগুলো বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলীসহ উপজেলার প্রান্তিক মৎস্য চাষীগণ।
মৎস্য কর্মকর্তা মাহমুদা বলেন, উপজেলার ৬ জন প্রান্তিক মৎস্য চাষীকে বিনামূল্যে সরকারি প্রণোদনা হিসেবে প্রতিটি মৎস্য খামারিকে একটি এয়ারেটর মেশিন, মাছের খাদ্য, পোনা মাছ, চুন ও সার প্রদান করা হয়।

