আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝড়ে বাসা থেকে পড়ে যাওয়া একটি ভুবন চিল পাখির বাচ্চাকে দ্রুত উদ্ধার ও চিকিৎসার মাধ্যমে প্রাণে রক্ষা করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তড়িৎ পদক্ষেপে এই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার রাতে ঝড়ের সময় শহরের বঙ্গবীর রোডে যোগেন্দ্র পালের বাসার সামনে একটি গাছ থেকে চিলটির বাচ্চা নিচে পড়ে যায়। এতে পাখিটি সামান্য আহত হয়।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ভোরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে গিয়ে আহত পাখিটিকে উদ্ধার করেন। পরে সেটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়।
পরবর্তীতে পাখিটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী বিভাগ সূত্র জানায়, ভুবন চিলের বাচ্চাটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হলে পাখিটিকে আবার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

