ঢাকা: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আপাতত দাম বাড়াচ্ছে না সরকার। ফলে এপ্রিল মাসেও আগের দরেই ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন বিক্রি হবে।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। এতে জানানো হয়, মার্চ মাসের মতোই ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার দরে বিক্রি হবে।
সরকার গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। সে অনুযায়ী প্রতি মাসে নতুন দর ঘোষণা করা হয়। পাশাপাশি এলপিজির দামও প্রতি মাসে নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার প্রায় ৭৫ শতাংশই ডিজেল। বাকি ২৫ শতাংশ আসে পেট্রল, অকটেন, কেরোসিনসহ অন্যান্য জ্বালানি থেকে। ডিজেল প্রধানত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়।

