সর্বশেষ :
19 Oct 2026, Mon

হারিয়ে যাওয়া মায়ের খোঁজে সন্তানরা

হারিয়ে যাওয়া মায়ের খোঁজে সন্তানরা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): হারিয়ে যাওয়া বৃদ্ধা মায়ের সন্ধানে দিশেহারা সন্তানরা। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই দীর্ঘ প্রতীক্ষা, গভীর বেদনা আর অদম্য আশায় দিন কাটছে তাদের। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ জন্মদাতা মাকে ফিরে পাওয়ার আশায় তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুকেরও সহায়তা নিয়েছে পরিবারটি। অনেক বছর পর হারিয়ে যাওয়া সন্তান বা মা-বাবার খোঁজ ফেসবুকের মাধ্যমে পাওয়ার হৃদয়স্পর্শী ঘটনা শোনা যায়- সেই আশাতেই পথ চেয়ে আছে তারা।

প্রতিবেশী নির্মল সরকার বলেন, মিনতি খুব ভালো মানুষ ছিলেন, এজন্য পাড়ার সবাই তাকে ভালোবাসত। কয়েকদিন ধরে তিনি বাড়িতে ফিরে না আসায় ছেলে-মেয়েরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করছে।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর (হিন্দুপাড়া) গ্রামের মিনতি বর্মন (৬৫) চলতি মাসের ১১ তারিখ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

মিনতি বর্মন নিখোঁজ হওয়ার পর থেকেই সন্তানরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি। এতে তারা চরম উদ্বেগ ও হতাশায় ভুগছে।

মিনতির ছেলে সম্বল বর্মন বলেন, আমার মা একটু বেশি কথা বলতেন, কিন্তু সবাই তাকে ভালোবাসত।” সম্বলের স্ত্রী বলেন, “বিয়ের পর থেকেই শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো দেখতেন। কয়েকদিন ধরে তিনি বাড়িতে না থাকায় কিছুই ভালো লাগছে না।

মেয়ে কল্পনা বর্মন বলেন, মা এর আগে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে ২-৪ দিনের জন্য বেড়াতে যেতেন, আবার একাই ফিরে আসতেন। কোথায় যাচ্ছেন সেটাও সবাইকে জানিয়ে যেতেন। কিন্তু এবার কাউকে কিছু না বলেই বেরিয়েছেন, এখনও ফেরেননি।

পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনকে ফিরে পেতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। কোনো সহৃদয় ব্যক্তি মিনতি বর্মনের সন্ধান পেলে ০১৭২৩-২৫০৮৪২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *