সর্বশেষ :
19 Oct 2026, Mon

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের প্রবাসী মামুনের মৃত্যু

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত গফরগাঁওয়ের প্রবাসী মামুনের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ): সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি সময় রাত সাড়ে ১১টার দিকে আল খারিজ শহরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুনসহ কয়েকজন বাংলাদেশি প্রবাসী গুরুতর আহত হন। ওই হামলায় ঘটনাস্থলেই কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নামে দুই প্রবাসী নিহত হন।

বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে আল খারিজ শহরের ডা. সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার রাতে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দগ্ধ হয়ে মামুন লাইফ সাপোর্টে ছিলেন। রাতে চিকিৎসকেরা তার মৃত্যুর খবর দেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *