আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ২৪৬ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মো. ইমানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি অভিযাত্রী দল শনিবার (১৪ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক বিক্রির সময় দক্ষিণ টুক এলাকার বাসিন্দা মো. মান্নান শেখ (৫০)-কে আটক করা হয়। তিনি আবু হোসেন শেখ ও খোদেজা বেগমের ছেলে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭৩ হাজার ৮০০ টাকা। এছাড়া ইয়াবা বিক্রির নগদ ১১ হাজার ১৫০ টাকাও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত মান্নান শেখের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই দিনে শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং চুরি মামলার ২ জনসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

