আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে সরকার গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও বাগজানা ইউনিয়নে গত বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা চাল বিতরণ কার্যক্রম শুরু করেন।
সরেজমিনে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ। তিনি গরিব, দুস্থ ও অসহায় প্রাপকদের মাঝে চাল বিতরণ সুষ্ঠু, স্বচ্ছ ও সঠিক উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না তা খতিয়ে দেখেন।
নির্বাহী কর্মকর্তা চাল বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেন। একইসঙ্গে উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই, চালের সঠিক ওজন নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের।
এ সময় ইউএনওকে পরিষদ চত্বরে চাল নিতে আসা কয়েকজন নারীর সঙ্গে কথা বলতে দেখা যায়। গরিব ও অসহায় নারীদের উদ্দেশ্যে ইউএনও সেলিম আহমেদ বলেন, ঈদ উপলক্ষে সরকার আপনাদের বিনামূল্যে ১০ কেজি চাল দিচ্ছে। চালের স্লিপ দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে বা নিলে তা দেবেন না, কারণ সরকার এটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে।
এ সময় ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বকর সিদ্দিক।

