বেলাল আহমদ, লামা (বান্দরবান): দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্পের প্রথম ধাপে বান্দরবানের লামায় ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান (এমপি)। মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়ি ও বাঙালিসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়নি। বেকার বা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো এই নিয়মিত ভাতার মাধ্যমে তাদের দৈনন্দিন মৌলিক চাহিদা সহজেই পূরণ করতে পারবে।
দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আওতায় বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সরাসরি নগদ সহায়তা পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ লামা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ শামীম আরা রিনি।
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে দলীয় সভায় যোগ দেন।

