ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে আনসার ও ভিডিপি ভাতাভোগীদের মাঝে দ্বিতীয়বারের মতো ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়ির ৩ হাজার ৬৫০ জন সদস্যের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক ড. মোহাম্মদ সাইফুর রহমান। তিনি খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও ভিডিপি ভাতাভোগী সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, পাহাড়ে আনসার ভিডিপির সদস্যরা নিরলসভাবে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি নির্বাচনে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া পাহাড়ের প্রাকৃতিক দুর্যোগসহ সব ধরণের কাজে তারা শ্রম দিয়ে যাচ্ছেন। তিনি জানান, মহাপরিচালক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ির সকল ভাতাভোগীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, সুজি, তেল, নুডলস, চাউল, গুঁড়া দুধসহ মোট ১১টি আইটেম। ভাতাভোগীরা ঈদুল ফিতরের আগে এই উপহার সামগ্রী পেয়ে খুশি হয়েছেন এবং মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা কমান্ডেন্ট মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির দীঘিনালা আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন)-এর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন)-এর মোঃ আমমার হোসেন এবং জেলার আনসার ভিডিপি’র নয়টি উপজেলার সদস্যরা।

