শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সোহানী বৈদ্য (প্রিতী)কে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে উপজেলার জেয়ালা গ্রামের মৃত্যু বিকাশ সরকারের ছেলে প্রান্ত সরকারের বিরুদ্ধে। প্রিতী একই গ্রামের সাধন বৈদ্যের মেয়ে। এ ঘটনায় সাধন বৈদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রান্ত সরকার এলাকায় একজন চিহ্নিত লম্পট। এলাকার একাধিক গৃহবধূর সঙ্গে তার প্রেমজ সম্পর্ক রয়েছে। প্রিতী বৈদ্যের বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পথ আটকিয়ে এই চরিত্রহীন লম্পট কু-প্রস্তাবসহ অশ্লীল ভাষায় কথা বলে।
সরেজমিন পরিদর্শনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, প্রান্ত চরিত্রহীন, লম্পট প্রকৃতির ছেলে। তার লম্পত্বের কারণে অনেকের সংসার ভাঙার উপক্রম হয়েছে।
প্রিতী বৈদ্য বলেন, “আমি স্কুলে যাওয়ার পথে প্রান্ত পথ আটকিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে। সে গ্রামের লোকজনের পিছনে টাকা-পয়সা ব্যয় করে, যার কারণে কেউ তার অন্যায়ের প্রতিবাদ করে না। তার ভয়ে আমি স্কুলে যেতে ভয় পাচ্ছি। সে সুযোগ পেলে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি এর প্রতিকার চাই।”
তালা থানা এসআই শাহিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছি; সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান জানান, অভিযোগপত্র পেয়েছি। তালা থানা অফিসার ইনচার্জের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছি।

