নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এসআই) ছিনতাইকারীদের কবলে পড়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সোমবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি বিকেল সাড়ে পাঁচটার দিকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার।
পুলিশ জানায়, এসআই লুৎফর রহমান দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে কিছুটা দূরে যান। এ সময় ওঁৎ পেতে থাকা তিন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলেন এবং তার সঙ্গে একটি মোটরসাইকেলও ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, জিমখানা, রাসেল পার্ক ও নিতাইগঞ্জ এলাকা ছিনতাইপ্রবণ হওয়ায় সেখানে নিয়মিত পুলিশ টহল থাকে। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত টহল চলছিল। ভোরে নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

