দোহার (ঢাকা): দোহারে সরকারি জমিতে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছলেম উদ্দিনের বিরুদ্ধে। রোববার রাত ১০টার দিকে থানার মোড় এলাকায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। তিনি অভিযুক্তকে বৈধ কাগজপত্রসহ সোমবার ভূমি অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
অভিযুক্ত মুছলেম উদ্দিন বলেন, এটি তার নিজস্ব জমি এবং সরকারি সড়কের অংশেও তার কিছু জমি রয়েছে। তিনি দাবি করেন, দিনে জায়গা পরিষ্কার করায় রাতে নির্মাণকাজ করছিলেন।

