আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি বোমাবর্ষণের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ষষ্ঠ দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল এবং অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।
এক বিবৃতিতে আইআরজিসি আরও ‘ভিন্ন ও কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হচ্ছে। হামলার আশঙ্কায় কুয়েতজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
কাতারের রাজধানী দোহার বাসিন্দারা আকাশে অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
সূত্র: Al Jazeera

