আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালালে এর কঠোর জবাব দিতে শুরু করে তেহরান।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনী উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন বাহিনীকে সরাসরি সহযোগিতার অভিযোগে সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও পাল্টা হামলা চালিয়েছে ইরান।
আল-জাজিরার বরাতে পাওয়া সংবাদ অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরের (Fifth Fleet) সদর দপ্তর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
শুধু সৌদি আরব বা বাহরাইন নয়, ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও। ফলে পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

