আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অগ্নিকাণ্ডে ৪-৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার জুমার নামাজের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বকুল হোসেন (বিশু) ও সোহান মিয়ার বাড়ির চাল-ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু আগুনে পুড়ে যায়।
বিশু বলেন, আগুন কীভাবে লেগেছে তা বলা যাচ্ছে না, তবে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, সোহান আমার আপন ভাতিজা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো সোহানের স্ত্রী মিম আক্তার বলেন, চোখের সামনেই আমার সাজানো সংসার পুড়ে ছাই হয়ে গেল, কিছুই করতে পারলাম না।
খবর পেয়ে বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিজস্ব অর্থায়নে চাল, ডাল, তেল, শাড়ি, লুঙ্গি, গামছা, আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন।
এ সময় বাগজানা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা ও স্থানীয় বিএনপি নেতা মো. দবির হোসেন উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

