সর্বশেষ :
19 Oct 2026, Mon

নড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নড়িয়া (শরীয়তপুর): শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রতনকে মারধরের অভিযোগে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিঝারী উপসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন বিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে ভোজেশ্বর বাজার এলাকায় হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান শিকদারসহ কয়েকজন তাকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করেন। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে অভিযুক্ত মিজানুর রহমান শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন। বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, অভিযোগ প্রমাণিত হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *