আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ১ নম্বর রেলগেটের রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা ও উঁচু-নিচু ছিল। রেললাইনের পাথর ও কার্পেটিং উঠে যাওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো। যানবাহন সহজে চলাচল করতে পারত না, ফলে প্রায়ই যানজট লেগে থাকত। বিশেষ করে ট্রেন যাতায়াতের সময় রেলগেট বন্ধ থাকলে রাস্তার উভয় পাশে বিভিন্ন যানবাহন আটকে পড়ত। ট্রেন চলে যাওয়ার পরও ভাঙা ও উঁচু-নিচু অংশের কারণে যানবাহন দ্রুত পারাপার হতে পারত না।
এ পথ দিয়ে সব ধরনের যানবাহন ও পথচারীর দ্রুত ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে পাঁচবিবির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ উদ্যোগ নেন। বুধবার দুপুরে তিনি নিজে উপস্থিত থেকে দীর্ঘদিনের বেহাল রেলগেটটি মেরামতের ব্যবস্থা করেন।
এতে বিশেষ করে ভ্যান ও রিকশাচালক-যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং ইউএনওর সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এ পথ দিয়ে যাতায়াতের সময় তারও অনেক সময় নষ্ট হয়েছে। সবার সহজ পারাপার নিশ্চিত করতেই দায়িত্ববোধ থেকে তিনি কাজটি করেছেন। তিনি আরও বলেন, যতদিন দায়িত্বে থাকবেন, সবার সহযোগিতায় এমন জনকল্যাণমূলক কাজ করে যেতে চান।

