ঢাকা: বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এ কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
তবে সব শ্রেণির মানুষ এ সুবিধা পাবেন না। ‘ফ্যামিলি কার্ড নীতিমালা’ অনুযায়ী ছয় শ্রেণির মানুষ এ সুবিধার বাইরে থাকবেন। তারা হলেন-
১) পরিবারের কেউ সরকারি পেনশনভোগী হলে,
২) বাড়িতে এসি ব্যবহার করলে,
৩) গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিক হলে,
৪) পরিবারের সদস্য সরকারি চাকরিজীবী হলে,
৫) বাণিজ্যিক লাইসেন্সধারী হলে,
৬) বড় ব্যবসার মালিক হলে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ নামে এ নীতিমালা প্রণয়ন করেছে। কর্মসূচির মূল দর্শন- ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। নীতিমালাটি শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

