নড়াইল প্রতিনিধি: আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে পিতা-পুত্রসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৭১), তাঁর ছেলে তাহাজ্জত শেখ (৪০), ফেরদাউস হোসেন (৪০) ও ওসিকুর ফকির (৩৬)। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্লার পক্ষের রহমত হোসেনের লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছিল। নিহতরা তারাপুর গ্রামের বাসিন্দা হলেও প্রায় ১০ বছর আগে গ্রাম্য মারামারি এড়িয়ে পাশ্ববর্তী বড়কুলা গ্রামে এসে বসবাস শুরু করেন। এরপরও দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত ছিল।
নিহত খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম (৬৪) জানান, সোমবার ভোরে সেহরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় তারাপুর গ্রাম থেকে সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান ওরফে খায়ের মোল্লার ৫০-৬০ জন সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করে। তারা তাঁর স্বামী ও ছেলেকে কথা আছে বলে ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। একইভাবে তাঁদের পক্ষের ফেরদাউসকেও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের আহত ওসিকুর ফকিরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর নিহত ওসিকুর পক্ষের লোকজনের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আহত অন্যরা নড়াইলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

