নোয়াখালী প্রতিনিধি: বিয়ের মাত্র ১০ দিনের মাথায় আত্মহত্যা করেছেন গার্মেন্টস কর্মী আমজাদ হোসেন দিপু। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা দিপুর ঝুলন্ত মরদেহ গাজীপুরের শ্রীপুরের ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুটি চিরকুট উদ্ধার করা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিপু সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুরের একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রথম চিরকুটে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে দিপু লিখেছেন, ‘বিদায়টা দরকার ছিল শান্তির জন্য। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব- এই দুনিয়াটা একটা মরীচিকা।’ দ্বিতীয় চিরকুটে তিনি লেখেন, ‘কী পেলাম এই জীবনে। না আছে পরকালের জন্য, না আছে দুনিয়াবি কাজ। ভালো থাকুক দুনিয়ার মানুষ।’
জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি দিপু পারিবারিকভাবে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

