মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে শহরের কানাইখালী মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। শুরুতেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় শপথ গ্রহণ করা হয়। এ সময় শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব এবং জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একইভাবে উপজেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এদিকে ভোর থেকে শিশু-কিশোরসহ বিভিন্ন স্কুল-কলেজ এবং বিভিন্ন এনজিও, সামাজিক ও মানবাধিকার কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

