শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরা-১ আসন-এ ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে তালায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতারা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তালা ডাকবাংলা চত্বরে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায় লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রায় প্রতিটি কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় ৩০০ থেকে ৫০০ ব্যালটে বাইরে থেকে সিল মেরে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
মৃণাল কান্তি রায় আরও বলেন, তালা সদর ইউনিয়নের ৪৩ নম্বর মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার বেলা ২টার দিকে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কথা জানান। এ সময় ভোট দিতে আসা ভোটাররা কেন্দ্র ত্যাগ করেন। এতে সন্দেহ সৃষ্টি হয় যে, পূর্বেই ব্যালট পেপারে সিল মেরে ইঞ্জিনিয়ারিং করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী করার পথ সুগম করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ভোট কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের ১১টি বিষয়ে অভিযোগ তুলে তালা-কলারোয়ায় পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।
এ সময় তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা ও মো. মহব্বত আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু এবং তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুখ হোসেন উপস্থিত ছিলেন।

