ডেস্ক: সৌদি আরবে ওমরাহ পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে আবহা শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুলছাত্রী মেহের আফরোজ (১৩), দেড় বছর বয়সী সুবহা আক্তার এবং গাড়িচালক মো. জিলানী বাবর (৩০)। দুর্ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। গত ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তিনি ওমরাহ পালনে যান। ওমরাহ শেষে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

