দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভার ৫নং ওয়ার্ডের নূরপুর এলাকায় জয়পাড়া কলেজের সাবেক ক্রিড়া সম্পাদক ছাত্রনেতা আব্দুল কাইয়ুমের বাড়িতে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে জমির মূল দলিল, পর্চাসহ স্থাবর সম্পত্তির যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। এছাড়া ব্যাংক কার্ড, চেক বই, এনআইডি কার্ড এবং এসএসসি থেকে ডিগ্রি পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় ঘরটি খালি থাকায় বাড়ির কেউ বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি।
বাড়ির মালিক আব্দুল কাইয়ুম বলেন, ঘরে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র থাকলেও চোরচক্র সেগুলোতে হাত দেয়নি। তারা শুধুমাত্র জমিজমা সংক্রান্ত কাগজপত্র, ব্যাংকের নথিপত্র এবং আমার শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র নিয়ে গেছে। এটি কোনো সাধারণ চুরি হতে পারে না; পরিকল্পিতভাবে আমাদের বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। এর পেছনে কী রহস্য থাকতে পারে, তা আমরা এখনো বুঝতে পারছি না।
ভুক্তভোগী পরিবার এই ঘটনাকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। এসআই তন্ময় আহমেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ যাচাই করছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

