মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিজয়ী করার লক্ষ্যে নাটোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের অংশ হিসেবে ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের নেতৃত্বে সোমবার সকাল থেকে নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয়।
এ সময় নাটোর পৌরসভা বিএনপির নেতাকর্মী ও মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে তারা ভোটারদের আশ্বাস দেন যে, আসন্ন ১২ তারিখে ধানের শীষের প্রার্থী দুলু বিজয়ী হলে এলাকার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি নাটোরে গ্যাস সংযোগসহ নতুন নতুন শিল্পকারখানা স্থাপন করা হবে। এছাড়া নাটোর পৌরসভার পাড়া-মহল্লায় বিদ্যমান বিভিন্ন সমস্যাও নির্বাচনে বিজয়ের পর ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সমাধান করা হবে।

