ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসন এবং ২৯৯ নম্বর সংসদীয় আসনের আংশিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় ৩২ বিজিবির ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনিতে বিজিবি সদর দপ্তরের আয়োজনে সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির ভূমিকা তুলে ধরেন।
তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও ব্যাটালিয়নসমূহে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
তিনি আরও বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব বলিষ্ঠভাবে পালন করে যাবে।
সকল প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিজিবি সর্বশক্তি প্রয়োগ করবে।
এ সময় খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল কামরান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

