সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে মৎস্য দপ্তরের অভিযানে ১২০ কেজি জাটকা জব্দ

দোহারে মৎস্য দপ্তরের অভিযানে ১২০ কেজি জাটকা জব্দ

দোহার (ঢাকা): ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে সরকারের কঠোর নির্দেশনার অংশ হিসেবে ঢাকার দোহারে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ বুধবার (২৮ জানুয়ারি) ভোর ৬টা থেকে উপজেলার বিভিন্ন মাছের আড়ত ও বাজারে এই ঝটিকা অভিযান চালানো হয়।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান-এর সার্বিক নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য দপ্তরের একটি বিশেষ টিম সকাল থেকেই পদ্মা তীরবর্তী ও বাজার এলাকার বিভিন্ন আড়তে তল্লাশি শুরু করে।

অভিযান চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি ও মজুত করে রাখা আনুমানিক ১২০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত মাছগুলো জনসম্মুখে স্থানীয় দুটি মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। মাছ বিতরণের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জাটকা নিধন বিরোধী সরকারি এই কার্যক্রমকে সফল করতে আমরা বদ্ধপরিকর। জেলেরা যাতে জাটকা আহরণ না করে এবং বাজারে যাতে এই মাছ কেনাবেচা না হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত তদারকি করছি।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইলিশের সম্পদ রক্ষায় জনস্বার্থে দোহারের বিভিন্ন পয়েন্টে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *