সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে চাকমা সম্প্রদায়ের এক হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে চাকমা সম্প্রদায়ের এক হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে ধানের শীষের সমর্থনে তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ এক হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পৌর শহরের টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর আয়োজনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ সময় চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ির নয়টি উপজেলার চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ এক হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীরা জানান, বিগত সরকারের আমলে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। আজ তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। নতুন রাজনৈতিক পথচলায় তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করছি। আজ আপনারা স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন- এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও মানবিক কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিময় চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ানসহ খাগড়াছড়ির নয়টি উপজেলার ধানের শীষের সমর্থনে তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনদের প্রতিনিধিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *