আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেছে। মঙ্গলবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি ইক্ষু ক্রয় কেন্দ্রে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি সকল প্রকার রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সকল রাজনৈতিক দল ও প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, জয়পুরহাট জেলার দুইটি সংসদীয় আসনে ২৪ প্লাটুনের পাঁচ শতাধিক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন, পাঁচবিবি বিজিবির স্পেশাল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. এনামুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

