নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (২৪ জানুয়ারি) রাতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিজ বাড়ি থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. ঈমান আলী (৫৫), পিতা- মৃত শেখ কিতাব আলী ও স্ত্রী পারভীন বেগম (৫০), তারা নবাবগঞ্জ থানার বাহ্রা চরকান্দা এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর আসামিদের হেফাজত থেকে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

