আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে ৬০তম চা সম্পর্কিত বার্ষিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ১১টায় বাংলাদেশ চা বোর্ডের ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্রে সপ্তাহব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ও যুগ্ম সচিব মো. মোয়াজ্জম হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেমস ফিনলে চা কোম্পানির চিফ অপারেটিং অফিসার মো. তাহসিন আহমদ চৌধুরী এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান জি. এম. শিবলী প্রমুখ।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যারাগন টি কোম্পানির পরিচালক (অপারেশন) মুফতি হাসান।
প্রশিক্ষণে সিলেট, মৌলভীবাজার, পঞ্চগড়, হবিগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের সহকারী ব্যবস্থাপক, ব্যবস্থাপক, নবীন টি প্লান্টার, বায়ারসহ প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

